Saturday, 24 November 2012

আগুন চাই



অনেক হতাশার ভিড়ে এক আত্মীয়ের মুখের মত
জীবনের অনেক সময় ভিড় করে থাকে
     তোমার সহজ হাতছানিও তখন কঠিন করে ফেলি
অনেক অনেক হতাশার ভিড়ে
সেই আত্মীয় খুঁজে ফিরি ।।

তারা আসবে বলে আবিরে সোহাগে মাখামাখি
আদুরে আসনে বরন সাজাই ।।
প্রদীপ জাগ-হাড়ি পুরোহিত প্রসাদ
আমার অস্থিসজ্জায় হোম
কিন্তু
আগুন ?
     একটু আগুন পাই কোথায় ?

আগুন জ্বালাতে জ্বালাতে প্রস্তরযুগও পেরিয়ে এসেছি আমি
একটু আগুন যদি জ্বালিয়ে দাও
     আমি হোম হতে পারি
     ধুপ হতে পারি
আমি তুবড়ির মত আনন্দ দিতে পারি
একটু আগুন
একটু আগুন যদি জ্বালিয়ে দাও ।।

                                                18/11/12 [Andul]

Sunday, 11 November 2012

অনির্বাণ কোমায় আচ্ছন্ন


অনির্বাণ কোমায় আচ্ছন্ন
প্রত্যুষ আফসোস করেছিল
বলেছিল - কোনো এক অজ্ঞাত পিরামিডের কফিনে
শুধু হৃদপিণ্ডটুকু জ্যান্ত মমির মতো
........................ আজও বেঁচে আছে ।
আমি সোল্লাসে চিৎকার করে বলেছিলাম
শাবাশ - …. অনির্বাণ শাবাশ |

অনির্বাণ কোমায় আচ্ছন্ন –
           মৃত্যুর প্রহর গুনছে ।

কিন্তু ................
অনেক রাত্রি আত্মস্থ হতে চেয়েছিল অনির্বাণ ।
নিটোল সংজ্ঞাহীন সমাধি ।
সৃষ্টির উন্মত্ত সুখ, উষ্ণ আলিঙ্গন
আর চেয়েছিল নীল আবিরের মত সমুদ্র
মিশরের বুকে আর এক নীল কবিতা লিখবে সে ।
অনির্বাণ চেয়েছিল কিছু সবুজ আফ্রিকা থেকে কুড়িয়ে
সাহারার ধুসর খোঁপায় পরিয়ে দিতে 
........................ পারে নি ।

সময় তার কাছে কোন রাজপথ নয় ।।
সামান্য ভাঙা চোরা সঙ্কীর্ণ গলিপথ ।।
তাই সে ক্লান্ত প্রতীক্ষায় শুধু প্রহর গুনছে ।।

অনির্বাণ মৃত্যুর প্রহর গুনছে
তাই ................
এখন অন্যখাতে হিসাব মেলাতে ব্যস্ত ।
কালি ঝুলি আর পোড়া ফ্যান মাখা হাঁড়িটা –
আর শিশু হাতে তুলে আনা গুটি কয় ভাতের কণা .......
আমরা আগলে নিয়ে বসে আছি
বছর থেকে আলোকবর্ষ ধরে
........................ অনির্বাণ ফিরে আসবে ।।

আজ আমি দেখতে পাচ্ছি
সময় অনির্বাণের কপালে চুমু দিয়ে বসে আছে ......
বসে আছে আর নিষ্প্রাণ আঙুলগুলো
অন্যমনস্কভাবে গুনে যাচ্ছে –
এক দুই ........................ দশ ।
আসলে দশটা আঙুল দিয়ে অনেক সংখ্যা হয় ।

........................ শাবাশ অনির্বাণ শাবাশ ।।

In PDF View 
http://www.mediafire.com/view/?0acan4e1buaqc30

Sunday, 4 November 2012

রাফ্ফ্লেসিয়া


কালের নিয়মে চলে যায় সব - ।।

চলে যায় সব পথ চলা -
চলে যায় যত পুরানো
যত চেনা ম্যাড়মেড়ে একঘেয়ে জীবন ।
এই - দিন - ক্ষণ - মান - ঢেউ - যৌবন -
তুমি- আমি - সময় ।।

চলে যায় -
কালের নিয়মে চলে যায় সব ।।

এই চলে যাওয়া সিঁদুরে মেঘ -
ওড়নার মতো
ভালোলাগা ছেড়ে গহন অরণ্য -
এই ফেলে যাওয়া -
নায়াগ্রার মতো
অবিরাম অবিরাম -
অথবা ব্যারেনের নাভীর মতো শোকার্ত ।।

তবু এক ছবি -
চলে যাওয়ার স্রোতে মাথা রেখে -
ঝিমধরা শরীরী অঘ্রান -
স্তব্ধ রাফ্ফ্লেসিয়া -
তুমি - আমি - শ্রাবণ ।।

In PDF View